মিসরীয় গণমাধ্যমের প্রতিবেদন জানাচ্ছে, মিসরের উত্তর উপকূলে অবস্থিত মারিনা রিসোর্ট অঞ্চলের একটি হোটেলের ক্যাফেতে ঘটনাটি ঘটে। বিস্তারিত কমেন্টে…
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও হেরেছিল মিসর। ওই ম্যাচে দলের হারের পর রেফারি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আলোচনায় এসেছিলেন দলটির কোচ হোসাম হাসান। এবার আরও একটি বিতর্কিত ঘটনার জন্য আলোচনায় এলেন তিনি। দুই স্ত্রীর হাতাহাতি এবং মারামারির ঘটনায় জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিসর কোচ।
মিসরীয় গণমাধ্যমের প্রতিবেদন জানাচ্ছে, মিসরের উত্তর উপকূলে অবস্থিত মারিনা রিসোর্ট অঞ্চলের একটি হোটেলের ক্যাফেতে ঘটনাটি ঘটে। দ্বিতীয় স্ত্রী ডান অ্যাডামকে নিয়ে ওই রিসোর্টে অবস্থান করছিলেন হোসাম। সেখানেই মিসরের বিখ্যাত শিল্পী মোহামেদ রামাদানের পারফরম্যান্স উপভোগ করে ওই ক্যাফেতে আসেন তারা। এমন সময় ঘটনার সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোসাম এবং অ্যাডাম ক্যাফেতে উপস্থিত হওয়ার পর মিসর কোচের প্রথম স্ত্রী হুবাইদা এবং তার সন্তানরা আসেন। তারা হোসামের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন এবং তাকে চেয়ার থেকে উঠে তাদের সঙ্গে যাওয়ার কথা বলেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এর খানিক বাদে ড্যান অ্যাডামের সঙ্গে হুবাইদা ও তার মেয়ের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই বাগ্বিতণ্ডা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। পরে আরও কয়েকজন এতে জড়িয়ে পড়লে হোটেলের ক্যাফেতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
ড্যান অ্যাডামের অভিযোগ, বিবাদের সময় তার দিকে গরম কফি ছুড়ে মারা হয়। এরপর তাকে থাপ্পড় ও ঘুষি মারা এবং চুল টানার ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে দুই পক্ষের মাঝখানে পড়ে যান হোসাম। একপর্যায়ে অতিরিক্ত চাপের মধ্যে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। ঘটনাটি প্রত্যক্ষ করা এক ব্যক্তি পুলিশকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
ঘটনার পর হোসামের সাবেক স্ত্রী হুবাইদা পুলিশ স্টেশনে গিয়ে একটি প্রতিবেদন জমা দেন। তবে পরে তিনি স্বেচ্ছায় সব অভিযোগ প্রত্যাহার করে নেন। এদিকে ঘটনার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হোসামের বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম। নিজের অভিজ্ঞতা তুলে ধরার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ওই ঘটনায় তার সঙ্গে কী ঘটেছিল, তা বর্ণনা করেন।
ক্ষুব্ধ হয়ে প্রথম স্ত্রী হুবাইদাকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছেন হোসাম। দ্বিতীয় স্ত্রী ড্যানের আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। হুবাইদার সঙ্গে আয়া, রুয়া ও ওমর নামে তিন সন্তান রয়েছে হোসামের।
Comments
Post a Comment