রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভাঙে, এই জটিল রোগে ভুগছেন না তো?
রাতে ঘুমের মধ্যে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যায়? অনেকেই বয়স বাড়ার স্বাভাবিক সমস্যা ভেবে বিষয়টি এড়িয়ে যান। কিন্তু নিয়মিত এমন হলে শুধু বেশি পানি পানই এর কারণ নয়। ডায়াবিটিস, মূত্রথলি, কিডনি কিংবা প্রোস্টেটের সমস্যাসহ বিভিন্ন শারীরিক কারণে রাতে বারবার প্রস্রাব হতে পারে।
চিকিৎসাবিজ্ঞানে রাতে ঘুম ভেঙে প্রস্রাব করার এই সমস্যাকে ‘নকচুরিয়া’ বলা হয়। বয়স বাড়ার সঙ্গে এর প্রবণতা বাড়লেও যেকোনো বয়সের মানুষের এ সমস্যা হতে পারে। নকচুরিয়া সরাসরি জটিল রোগ না হলেও এটি শরীরের লুকিয়ে থাকা বেশকিছু জটিল রোগের লক্ষণ হতে পারে।
কেন হয় নকচুরিয়া?
ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করলে রাতে প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে। এ ছাড়া সন্ধ্যার পর চা-কফি বা অ্যালকোহল পান এবং কিছু ধরনের ওষুধ সেবনের কারণেও রাতে বারবার প্রস্রাব হতে পারে।
তবে এর পেছনে ডায়াবিটিস, মূত্রনালির সংক্রমণ, অতিসক্রিয় মূত্রথলি, কিডনির সমস্যা কিংবা পুরুষদের প্রোস্টেট বড় হয়ে যাওয়ার মতো কারণও থাকতে পারে। গর্ভাবস্থা ও মেনোপজের পর নারীদের মধ্যেও নকচুরিয়া দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে হৃদ্যন্ত্রের সমস্যা ও ঘুমের ব্যাধির সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
রাতে কতবার প্রস্রাব হলে তা অস্বাভাবিক—এমন নির্দিষ্ট সংখ্যা সবার জন্য প্রযোজ্য নয়। তবে নিয়মিত একাধিকবার ঘুম ভেঙে গেলে এবং এর কারণে ঘুম ও দৈনন্দিন জীবন ব্যাহত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বিশেষ করে প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা, প্রস্রাবে রক্ত, প্রস্রাবের ধারা দুর্বল হয়ে যাওয়া, অতিরিক্ত তৃষ্ণা কিংবা জ্বরের মতো উপসর্গ থাকলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়।
সমস্যা কমাতে কী করবেন?
কিছু অভ্যাস পরিবর্তন রাতে বারবার প্রস্রাবের প্রবণতা কমাতে সাহায্য করতে পারে। ঘুমানোর কয়েক ঘণ্টা আগে থেকে অতিরিক্ত তরল পান না করা, দিনের প্রথম ভাগে পর্যাপ্ত পানি পান করা এবং সন্ধ্যার পর চা-কফি ও অ্যালকোহল এড়িয়ে চলা উপকারী হতে পারে।
তবে রাতে প্রস্রাবের সমস্যা কমাতে গিয়ে পানি একেবারে কমিয়ে দেওয়া উচিত নয়। শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পানি পান করতে হবে। কোনো ওষুধ শুরু করার পর থেকে সমস্যা দেখা দিলে নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমস্যা নিয়মিত হলে শুধু পানি কমিয়ে বসে থাকা উচিত নয়। কারণ নকচুরিয়ার চিকিৎসা এর অন্তর্নিহিত কারণের ওপর নির্ভর করে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক শারীরিক পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা করতে পারেন।
Comments
Post a Comment